জুলাইয়ে ঢাকা আসছে ম্যানচেস্টার ইউনাইটেড

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১৯:১৪

বাংলাদেশে আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জুলাইয়ে তাদের ঢাকা আসার কথা রয়েছে। মঙ্গলবার সকালে ক্লাবটির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছায়।

এরপর প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সঙ্গে। পরে তারা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেন। প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে ক্লাবটির ঢাকা সফর নিয়ে বেশ কিছু আলোচনা হয়। ম্যাচের সম্ভাব্য তারিখ ধরা হয় ২৩ অথবা ৩০ জুলাই।

এদিকে ঢাকাতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে একটি সিদ্ধান্ত হয়। বলা হয়, ঢাকা সফরে এলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নির্বাচিত একাদশের সঙ্গে ম্যাচ খেলতে পারে ম্যানইউ।  

যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন,‌ আগামী বছরের ২৩ বা ৩০ জুলাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি ম্যাচ খেলবে ম্যানইউ। তারা এই সময়ের মধ্যেই ঢাকায় আসতে চেয়েছে। 

আরো পড়ুন: মিয়ানমার থেকে ৩ দিনে এসেছে ২ হাজার ৭৭৩ টন পেঁয়াজ

ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি শিরোপাজয়ী এ ক্লাবের প্রতিনিধি দলে ছিলেন- ফুটবল পরিচালক অ্যালান জন ডসন, সফর ও প্রীতি ম্যাচ আয়োজক কমিটির পরিচালক ক্রিস্টোফার লরেন্স কোম্যান এবং দুই কর্মকর্তা ফিলিপ ম্যালকম স্মিথ ও ম্যাথু চার্লস জোনস।

আগামী বছর ১৭ মার্চ থেকে পরের বছর ১৭ মার্চ পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে মুজিববর্ষ। সেখানে থাকবে খেলাধুলার নানা আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ প্রীতি ম্যাচ খেলতেই বাংলাদেশে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড। 

ইত্তেফাক/জেডএইচ