মদন-নেত্রকোনা সড়ক
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
মদন-নেত্রকোনা সড়কে বয়রাহালা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজের পাটাতন ধসে গতকাল মঙ্গলবার সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। যাত্রীরা পায়ে হেঁটে যাচ্ছেন, মালামাল বহনে দুর্ভোগে পড়েছেন।
জানা গেছে, সেতুটি ১৯৯৫ সালে নির্মিত হয়। গত সোমবার রাতে ব্রিজের পাটাতন ধসে যাওয়ার ফলে এ সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারী মো. মোহন উদ্দিন তালুকদার জানান, নেত্রকোনার মদন-খালিয়াজুরি সড়কে চায়না বেইলি ব্রিজটি অতি পুরোনো হওয়ায় এর টেনজাম, ডেকিং, নাট, পাটাতন দুর্বল হয়ে গেছে। অতিরিক্ত মালামাল নিয়ে যান চলাচল করলেই এর টেনজাম ধসে যায়। আমরা বছরে ২-৩ বার এ ব্রিজটি মেরামত করে থাকি। এ ব্রিজের ওপর দিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ। তবে এর মেরামত কাজ চলছে।
মদন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান জানান, বয়রাহালা নদীর ওপর ব্রিজটি অতি পুরোনো হওয়ায় প্রায়ই পাটাতন ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ব্যাপারে অক্টোবর মাসে জেলা সমন্বয় সভায় গুরুত্বপূর্ণ সড়কে এই ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি ভেঙে বিশেষ ব্যবস্থায় দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
