ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্স
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক সংকটের কারণে চিকিত্সাসেবা ব্যাহত হচ্ছে।
অপরদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, কিন্তু গত ৪ বছর ধরে নেই কোনো ড্রাইভার। ফলে এ উপজেলার রোগীরা সরকারি অ্যাম্বুলেন্সের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এক্সরে মেশিনটিও দীর্ঘদিন থেকে অকেজো।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩৫ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক থাকার কথা ১৭ জন। কিন্তু কাগজে-কলমে আছে আট জন। তন্মধ্যে চার জন চিকিত্সক রয়েছেন ডেপুটেশনে।
২৫ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, ছুটিতে রয়েছেন দুই জন চিকিত্সক। বাকি দুই জন চিকিত্সক দিয়ে চলছে উপজেলার সাতটি ইউনিয়নের চিকিত্সাসেবা।
রোগীরা অভিযোগ করে জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন চিকিত্সা লাভের আশায় শত শত রোগী ভিড় করে। কিন্তু ওষুধপত্র পাওয়া যায় না। অনেক সময় চিকিত্সকের দেখাও মিলে না রোগীদের ভাগ্যে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই নতুন নিয়োগকৃত চিকিত্সক যোগদানের পর সংকটের সমাধান হবে।’
