দামুড়হুদা সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৩৬

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

দামুড়হুদা সীমান্তে সোমবার গভীর রাতে আব্দুল গনি নামের এক বাংলাদেশি যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

সীমান্তবর্তী গ্রামবাসী ও নিহতের পরিবারের লোকজন জানান, দামুড়হুদার চাকুলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল গনিকে সোমবার রাত ৮টার দিকে ছয়-সাত জন লোক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরের দিন মঙ্গলবার ভোরে তাকে রক্তাক্ত অবস্থায় সীমান্তের ৮৭ নম্বর পিলারের কাছে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেওয়া হয়। পরে হাসপাতালে পাঠানো হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি পরিচালক অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।