হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
ফেসবুকে লেখালেখি নিয়ে পূর্ব বিরোধের জেরে হোমনায় এক প্রধান শিক্ষককে রাতের অন্ধকারে মুখোশধারী দুর্বৃত্তরা পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত এ টি এম আবদুল মতিন উপজেলার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সোমবার রাতে রামকৃষ্ণপুর বাজার থেকে ভাড়াটিয়া বাসায় যাওয়ার পথে পূর্ব আড়ালিয়া এলাকার পুকুরের পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই আহত প্রধান শিক্ষক বাদী হয়ে আট জনের নামে এবং অজ্ঞাত আরো তিন-চার জনকে আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেন। রাতে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, ফেসবুকে লেখালেখির বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তিন আসামিকে কারাগারে পাঠানো হয়।
