সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৩৯

বগুড়ায় এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার, বগুড়া সম্পদ গোপন করা ও ভোগ দখলে রাখার অভিযোগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীকে আসামি করে মামলা করেছে বগুড়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কার্যালয়। সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে তার একক নামে স্থাবর ৭ লাখ ১২ হাজার ২৪৭ টাকা এবং চাকরিতে কর্মরত থাকা অবস্থায় ৫৪ লাখ ৪৬ হাজার ২৮০ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আয়ের তথ্য পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার মামলাটি করেন দুদকের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম। মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম মো. আনিছুর রহমান সরদার। তিনি নওগাঁ জেলার সদরের বলিহার ইউনিয়নের পানিসাইল গ্রামের বাসিন্দা। মামলার বাদী দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, দুদকের অনুসন্ধানে অভিযুক্ত আনিছুর রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করা এবং অসাধু উপায়ে সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় মামলাটি করা হয়েছে।

শার্শার নাভারন বাজারে বৃক্ষরোপণ ও বিতরণ

বেনাপোল (যশোর) সংবাদদাতা শার্শার নাভারন বাজারে মঙ্গলবার দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়েছে। মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা সদর ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান আসাদ এবং মোরাদ হোসেন।   

‘আমাদের পথশিশু এবং আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের কারিতাস মিলনায়তনে ‘আমাদের পথশিশু এবং আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। কারিতাস আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রংয়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বক্তব্য রাখেন সমাজসেবার উপপরিচালক আবু আবদুল্লাহ ওয়ালীউল্লাহ, ডেপুটি সিভিল সার্জন ডা. পরীক্ষিত কুমার পাড়, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. মেহেদী জামান প্রমুখ।

জাতীয় বিজ্ঞান ও অলিম্পিয়াড মেলা সমাপ্ত

বাঘা (রাজশাহী) সংবাদদাতা বাঘায় ব্যাপক উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয়েছে দুই দিনব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও অলিম্পিয়াড মেলা। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বিজয়ী দুটি গ্রুপসহ ৪৫টি স্টলে ডিসপ্লে প্রদর্শনকারীদের হাতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলা সমাপ্ত হয়েছে। বিজ্ঞান বিষয়ে মনোযোগী ও উদ্ভাবনী মেধা বিকাশে শিক্ষার্থীদের আকৃষ্ট করার লক্ষ্যে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহকারী কমিশনার (ভূমি) আল্পনা ইয়াসমিন প্রমুখ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে মেলা

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা পাঁচবিবিতে মঙ্গলবার ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে মেলার উদ্বোধন করা হয়েছে।

পাঁচবিবি মহিলা কলেজে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদিম সারওয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলার ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন ও রাজিনারা টুনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল প্রমুখ।

মঠবাড়িয়ায় চার ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শহরের চার ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া এ (বাজার তদারকি) অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের কেএম লতীফ মেডিসিন মার্কেটে চার ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসি মালিকদের ১৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া  জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

১ হাজার সুবিধাবঞ্চিত মানুষ পেল চোখের চিকিত্সা

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে মঙ্গলবার বিনা মূল্যে ১ হাজার সুবিধাবঞ্চিত মানুষ পেয়েছে চোখের আধুনিক চিকিত্সা। সদর উপজেলার কেকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও অরবিস  দিনব্যাপী ডায়বেটিক রেটিনোস্কিনিং ক্যাম্প করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ডায়বেটিস ও চক্ষু রোগের সেবা দেয়। চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে ঐ হাসপাতালের চিকিত্সক, নার্স ও আয়োজক সংগঠনের কর্মকর্তারা এ সেবা দেন।

ওয়ার্ড যুবলীগের সভাপতিসহ গ্রেফতার ১৭

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দায় রংছাতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক হোসেনসহ পৃথক মামলায় ১৭ জনকে মঙ্গলবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক হোসেনকে আটক করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

ভূমিহীনদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জে মঙ্গলবার ভূমিহীনদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরভবনে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) পীরগঞ্জ ইউনিট অফিসে খাস জমিতে ও স্থানীয় সম্পদে ভূমিহীনদের প্রবেশাধিকারবিষয়ক এ সভা হয়। উপজেলা জনসংগঠন ঐক্য পরিষদের প্রধান হঞ্চম চন্দ্র রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বেলডাঙ্গা জনসংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক, কলিযুগ জনসংগঠনের সভাপতি রতেন্দ্র নাথ রায় প্রমুখ।

ভোক্তা অধিকার আইন ও প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে মঙ্গলবার তিন দিনব্যাপী ভোক্তা অধিকার আইন এবং প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক। উপজেলা পরিষদ ও উপজেলা আনসার এবং ভিডিপি অফিসের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইফতেখারুল আলম রিজভী, ইউনিসেফের স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন কর্মকর্তা অরুন কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহার প্রমুখ।

নিরাপদ খাদ্য উত্পাদনে চাষিদের শপথ গ্রহণ

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ফকিরহাটে মঙ্গলবার স্বাস্থ্যসম্মত উপায়ে নিরাপদ খাদ্য উত্পাদনে স্থানীয় চাষিদের শপথ গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন ও পরিবেশবান্ধব বালাইনাশক ব্যবহারে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের আর্থিক সহযোগিতায় প্রান্তিক ৩০ জন চাষিকে প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা প্রমুখ।

বাগেরহাটে দিঘিতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট শহরতলিতে হযরত খানজাহান (রহ) মাজার দিঘিতে গোসল করতে নেমে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সি মজিদ হাওলাদার মাজার শরিফের ‘খানজাহানের দিঘি’র মহিলা ঘাটে গোসল করতে নেমে অসুস্থ হয়ে পড়েন। এ সময় পর্যটক ও খাদেমরা তাকে দ্রুত সিঁড়িঘাটের ওপর তুলে আনে। বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে এতটুকু বলেই তিনি মারা যান। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, হযরত খানজাহান (রহ) মাজার দিঘিতে গোসল করতে নেমে মজিদ হাওলাদার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। তার ময়না তদন্ত বাগেরহাট হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।