২৮ দেশের ব্যবসায়ীদের নিয়ে রাজধানীতে শুরু হয়েছে সিএসিসিআই সম্মেলন

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৪১

g ইত্তেফাক রিপোর্ট

রাজধানীতে বাংলাদেশসহ ২৮ দেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে সিএসিসিআই সম্মেলন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ৩৩তম সিএসিসিআই সম্মেলন শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—সিএসিসিআই সভাপতি সামির মোদি, ভাইস প্রেসিডেন্ট পেডরি কুমার সারেস্টা এবং এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোন্তাকিম আশরাফ। সিএসিসিআই সম্মেলনে বিটুবি অর্থাত্ বেসরকারি খাতের ব্যবসায়ীরা অংশ নেন।

এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাংলাদেশের বিগত ১০ বছরের ব্যবসায়িক উন্নয়ন চিত্র তুলে ধরা হয়। এ ছাড়া যেসব খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে সেগুলো তাদের কাছে উপস্থাপন করা হয়।

সম্মেলনে এফবিসিসিআইর সভাপতি বলেন, ব্যবসায়িক সম্মেলনে বিশ্বব্যাপী বাংলাদেশের পণ্যের পরিচিতি বাড়বে। পাশাপাশি বিপুল পরিমাণ ক্রয় আদেশ পাওয়া যাবে। এ ছাড়া ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন।

সিএসিসিআইয়ের প্রেসিডেন্ট সামির মোদি জানান, বিগত বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বেশ আশাব্যঞ্জক। এ কারণে আমরা এ দেশে সম্মেলন করার জন্য বেছে নিয়েছি। এই সম্মেলনের মাধ্যমে সার্কভুক্ত ও আশিয়ান দেশসহ ২৮টি দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সম্পর্ক বাড়বে, যা ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখবে।