কারচুপির অপরাধে ৮ পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৪১

বিএসটিআইর অভিযান

g ইত্তেফাক রিপোর্ট

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে পাঁচটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলাসহ জ্বালানি তেল বিক্রয় ও বিতরণ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া সোমবার বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজধানীর বাড্ডা ও কুড়িল এলাকায় তিনটি পেট্রোল পাম্পকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এবং পেট্রোল পাম্প তিনটির বিক্রয় ও বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে, পাশাপাশি পেট্রোল পাম্প তিনটিকে ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখার জন্য বিএসটিআইর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার বিএসটিআইর অভিযানে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকার মেসার্স ভূইয়া ফিলিং স্টেশন, মেসার্স সানাল বেপারী ফিলিং স্টেশনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও একই অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকার মেসার্স বনলতা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের বিরুদ্ধে মামলা দায়ের এবং বিক্রয় বন্ধ করে দেওয়া হয়েছে। মেসার্স রাফি ফিলিং স্টেশনের মামলা দায়ের করা হয়। 

সোমবার বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা মহানগরীর বাড্ডা এলাকার মেসার্স মক্কা সিএনজি রিফুয়েলিং স্টেশন অ্যান্ড কনভার্সন লি., মেসার্স সিটিজেন সিএনজি অ্যান্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশন, কুড়িল এলাকার মেসার্স পিনাক্যাল পাওয়ার লি.কে জরিমানা করা হয়। পেট্রোল পাম্প তিনটির বিক্রয় বন্ধ করে দেওয়া হয়েছে। বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।