২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে বিদ্যুত্ বিভাগ প্রথম হয়েছে। ৫৭টি কর্মসম্পাদন সূচকের মধ্যে ৪৯টিতে বিদ্যুত্ বিভাগ শতভাগ পেয়ে ৯৬.৪৬ নম্বর অর্জন করে প্রথম স্থান পায়। ৯৪.৭৬ নম্বর পেয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তৃতীয় স্থান অর্জন করেছে। ৫১টি মন্ত্রণালয়/ বিভাগের মাঝে এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন মূল্যায়ন করা হয়। উল্লেখ্য, গত অর্থবছরেও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে বিদ্যুত্ বিভাগ প্রথম হয়েছিল।
বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সবাই মিলে টিমওয়ার্ক করার ফলে ধারাবাহিক সাফল্য আসছে। এ সাফল্য ধরে রাখতে আরো পরিশ্রম করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের পূর্বেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ আলোর পথে এগিয়ে নেওয়ার নেপথ্যের কারিগর বিদ্যুত্ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ। অসাধারণ এই অর্জনের জন্য তিনি উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। —প্রেস বিজ্ঞপ্তি
