বিশ্ব তারকাদের চায় বিসিবি

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৪৭

বঙ্গবন্ধু শতবার্ষিকী ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

ক্রীড়া ক্ষেত্রে বঙ্গবন্ধু বর্ষকে রঙ্গিন করে রাখার চেষ্টার কোনো কমতি নেই। বিশেষ করে ক্রিকেটে নানারকম আয়োজন করার উদ্যোগ চলছে। বছরের শুরুতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হবে এবার ভিন্ন আঙ্গিকে। নামকরণ করা হয়েছে—বঙ্গবন্ধু বিপিএল। সেই ধারাবাহিকতায় মার্চ মাসে অনুষ্ঠিত হবে দুটি বিশেষ টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশ এই আইসিসি স্বীকৃত দুটি ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এখন সাজ সাজ রব। এই দুটি ম্যাচে বিশ্বের সব নামকরা তারকাকে হাজির করতে চায় বিসিবি।

এই ম্যাচ দুটির জন্য প্রথমেই বিসিবি অনুমতি আদায় করেছে আইসিসির কাছ থেকে। সাধারণত এই ধরনের ম্যাচ আইসিসির আনুষ্ঠানিক ম্যাচ হিসেবে স্বীকৃতি পায় না। কিন্তু আইসিসি এই দুটি ম্যাচকে আন্তর্জাতিক ম্যাচ বলে স্বীকৃতি দেওয়ার কথা বিসিবিকে জানিয়ে দিয়েছে। এই খবর নিশ্চিত করার সঙ্গে সঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বললেন, তারা ঐ সময়ে পাওয়া যাবে এমন সব নামকরা তারকাকে উপস্থিত রাখতে চান ম্যাচে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, বিসিবি সাত জন তারকা ক্রিকেটারের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছাড়পত্র চেয়েছে। এই তারকারা হলেন—বিরাট কোহলি, রোহিত শর্মা, যসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার এবং সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু বিসিবির প্রধান নির্বাহী বললেন, তারা এরকম উল্লেখ করে তারকাদের চাচ্ছেন না। তারা বোর্ডগুলোর কাছে দলের সব খেলোয়াড়কে অনুমতি দেওয়ার অনুরোধ করছেন। এরপর তারা বেছে নেবেন সেরা দুটি দল।

এই সম্পর্কে বলতে গিয়ে সুজন বলছিলেন, ‘আমরা নাম উল্লেখ করে এখনই বলছি না যে, এদের চাই। আমরা প্রথমে আইসিসির কাছ থেকে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টা পেয়েছি। এরপর প্রত্যেক বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করছি। সেখানে আমরা বলছি যে, তাদের সব খেলোয়াড়কে যেন এই দুটি ম্যাচের জন্য উন্মুক্ত রাখা হয়। তারপর একটা প্যানেল এখান থেকে খেলোয়াড়ের তালিকা করে নেবেন।’

বিসিবি চাচ্ছে ১৮ থেকে ২১ মার্চের মধ্যে এই দুটি ম্যাচ আয়োজন করতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষ হবে ১৮ মার্চ। সে ক্ষেত্রে এই দুটি ম্যাচে ভারতের সব ক্রিকেটারকে পাওয়া যাবে। যদি ভারতীয় বোর্ড অনুমতি দেয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদিক থেকে খুব সুবিধাজনক অবস্থায় আছে। আগামী বছর মার্চের ১৮ থেকে ২১; এই চার দিন এফটিপি অনুযায়ী কোনো দলের কোনো খেলা নেই। ভারত, দক্ষিণ আফ্রিকার সিরিজটা আগেই শেষ হয়ে যাবে। আর পরপর থাকবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সিরিজ। এ অবস্থায় দুনিয়ার সেরা সব তারকাকেই মিরপুরের মঞ্চে আশা করছে বোর্ড।

বিসিবির প্রধান নির্বাহী বলছিলেন, ‘আমরা আশা করছি, ঐতিহাসিক এই আয়োজনে বিশ্বের সেরা সব তারকাকেই পাওয়া যাবে। এদের বাছাই করার দায়িত্বটা কাদের ওপর থাকবে, সেটা এখনও আমরা ঠিক করিনি। অবশ্যই বিসিবি নেতৃত্বে থাকবে। তবে কোনো একটা প্যানেল করা হতে পারে।’