পেঁয়াজের দাম নিয়ে এখনো জনসাধারণের সঙ্গে তামাশা হচ্ছে। ২০ থেকে ২৫ টাকা দামের পেঁয়াজের দাম বাড়তে বাড়তে ৩০০ টাকা পর্যন্ত পৌঁছায়। তারপর কয়েকটি দেশ থেকে পেঁয়াজ আমদানির পর দাম ১৫০ টাকায় নামার পর পুনরায় ২৫০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। অথচ পেঁয়াজের কোনো ঘাটতি দেশে নেই বলে বলা হচ্ছে।
পেঁয়াজ দৈনন্দিন রান্নায় প্রয়োজনীয় একটি উপকরণ হলেও পেঁয়াজ ছাড়া রান্না করা কঠিন নয় বা খাবারের স্বাদেও তেমন একটা পরিবর্তন আসে না। মুনাফালোভীদের চক্রান্তকে নস্যাত্ করে দিতে পেঁয়াজ পরিহার করার বিকল্প নেই। পেঁয়াজ পচনশীল পণ্য, ১৫ থেকে ২০ দিন পেঁয়াজ কেউ না কিনলে পেঁয়াজের দাম কমাতে বাধ্য হবে মজুতদাররা।
পেঁয়াজ নিয়ে জনগণকে যেভাবে ঠকানো হচ্ছে, তা রুখে দিতে প্রয়োজন নাগরিক ঐক্যের। একযোগে রান্নায় পেঁয়াজের ব্যবহার বন্ধ করে দিলে বর্তমান পরিস্থিতির উন্নতি হয়ে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে বলে মনে করছি। নাগরিক ঐক্যের মাধ্যমেই রুখে দিতে হবে মুনাফালোভী ব্যবসায়ীদের।
জুবায়ের আহমেদ
পাণ্ডুঘর, মুরাদনগর, কুমিল্লা
