ভূতুড়ে বিলে অতিষ্ঠ!

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২২:১০

বন্দরনগরী চট্টগ্রামের পটিয়া পৌর সদরের বিদ্যুত্ বিতরণ বিভাগ (পিডিবি/ওয়াপদা) এখন গ্রাহকদের কাছে এক আতঙ্কের নাম। পটিয়ায় পিডিবির (ওয়াপদা) গ্রাহক প্রায় ৪০ হাজার। তার মধ্যে ৯০ শতাংশ গ্রাহকের অভিযোগই বিদ্যুত্ বিল নিয়ে। এমন কোনো দিন নেই, যেদিন বিল নিয়ে কোনো অভিযোগ আসে না।  নিয়ম অনুসারে যা বিল আসার কথা তার চেয়ে ঢের বেশি বিল দিয়ে রাখেন মিটার রিডাররা। অথচ এই মিটার রিডারদের দায়িত্বই হচ্ছে মিটারের ইউনিট দেখে বিল করা। প্রায় প্রতিদিন শত শত গ্রাহকের অভিযোগ থাকলেও এই অভিযোগের কোনো তোয়াক্কাই করছেন না পিডিবি কর্তৃপক্ষ। বরং সমন্বয় করার কথা বলে কালক্ষেপণ করা হয়। বাস্তবে কোনো অগ্রগতি চোখে পড়ে না। অভিযোগকারী গ্রাহকদের প্রায় সবারই বর্তমান রিডিং থেকে বিলে দেওয়া রিডিংয়ের পার্থক্য ১০০০/১২০০ ইউনিট। যা অনেকের পক্ষে পরিশোধ করা দুষ্কর। কিন্তু বিলে যা আসছে তা দিতে হবে এমন নিয়মে খেটে খাওয়া মানুষগুলো পড়েছে চরম বিপাকে। কর্তৃপক্ষ এ অনিয়মের দায় মিটার রিডারদের দিলেও কার্যত কোনো পদক্ষেপ নেই। পরিশেষে, ভুতুড়ে এই বিলের কালো থাবা থেকে গ্রাহকদের বাঁচাতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ সাখাওয়াত হোসেন

পটিয়া, চট্টগ্রাম