বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত আট জন

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২২:২৩

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

মুন্সীগঞ্জ : সিরাজদিখানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিক ইসলাম (৩০) নামে এক আরোহী নিহত হয়েছেন। তিনি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার গুয়ালখালী গ্রামের নজরুল ইসলামের পুত্র। এ সময় তিন জন গুরুতর আহত হয়েছেন। গতকাল উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের মরিচা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী নামক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গতকাল বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিন জন নিহত ও কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন—মাদারীপুর জেলা সদরের বাসচালক সিরাজুল ইসলাম (৫৫), যাত্রী মাদারীপুর জেলার খবিরউদ্দিন হাওলাদার (৭৫) ও রেজাউল ফরাজী (৩২)।

আদমদীঘি (বগুড়া) : আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে রক্তদহ বিল পাড়ের রাস্তায় অটোরিকশার ধাক্কায় গীতা রানীর (৬২) মৃত্যু হয়েছে। গীতা রানী সান্দিড়া জেলে পাড়া গ্রামের।

বালিয়াকান্দি (রাজবাড়ী) : বালিয়াকান্দি উপজেলার তেঁতুলিয়া বাজারে সোমবার ট্রাকচাপায় জাকির শেখ (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। জাকির বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কটোড়াকান্দি গ্রামের।

নেত্রকোনা : নেত্রকোনা-মোহনগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন— সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্যামচাদ সরকারের পুত্র তনয় সরকার (২১) এবং মোহনগঞ্জ উপজেলার আব্দুল হেলিমের পুত্র মিজানুর রহমান (২৫)।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহ-কিশোরগঞ্জে পিকআপ ও সিএনজির সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। গতকাল ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস অফিস সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।