মির্জাপুরে রাস্তা থেকে তুলে নিয়ে ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনার ছয় দিন পর গত সোমবার রাতে থানায় মামলা হয়েছে। আইজিপি ড. জাবেদ পাটোয়ারী ও ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমানের নির্দেশে এ মামলা হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এ তথ্য জানিয়ে বলেন, অধিক তদন্তের জন্য ডিবির কাছে মামলাটি হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিবি পুলিশ গ্রেফতার ধর্ষণ মামলার দুই আসামি মূল হোতা সোহানুর রহমান সোহান সিকদার ও রাকিবুল ইসলাম সিকদার রাকিবকে রিমান্ডের আবেদন করে। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে। টাঙ্গাইল ডিবি দক্ষিণের ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত গতকাল রাতে জানান, এছাড়া ভিকটিমকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
এ মামলায় আটক বখাটে রাকিবের বাবা ও ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলাম সিকদার, বখাটে সোহানের বাবা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ছেড়ে দেওয়া হলেও তাদের নজরদারিতে রাখা হচ্ছে। বখাটে সোহান, রাকিব ও জসিমসহ তাদের সহযোগীরা স্কুলে যাওয়ার পথে গত বুধবার ঐ স্কুলছাত্রীকে তুলে নিয়ে জসিমের বাড়িতে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে মেয়েকে হাসপাতালে নিয়ে চিকিত্সা করাতে পারেননি বাবা। ভয়ে মেয়েকে গোপনে কালিয়াকৈর উপজেলায় মামার বাড়িতে নিয়ে আশ্রয় নিয়েছিলেন তিনি।
