আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আলোকিত করেছেন। উন্নয়ন ও শান্তির জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখন জনগণকে ঐক্যবদ্ধ করাই আগামী দিনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। গতকাল মঙ্গলবার বিকালে মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা কাজিপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে শওকত হোসেন সাকার সভাপতিত্বে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় চক্রান্ত ও ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াত শাসনামলে জঙ্গি উত্থানের এই দেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কঠোর শাসন ও মনোভাবের কারণে দেশ জঙ্গি মুক্ত হয়েছে। লোডশেডিংয়ের বাংলাদেশ আলোকিত হয়েছে। উন্নয়নের জোয়ারে শহর এবং গ্রাম একাকার হয়েছে। প্রধানমন্ত্রীর এই উন্নয়নের খবর ঘরে ঘরে পৌঁছে দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান দলের সিনিয়র এই নেতা। তিনি দেশে শিশু ও নারী নির্যানকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করে বলেন, এসব সামাজিক অপরাধ। এই অপরাধ দূরীকরণে সমাজপতিদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
এর আগে মোহাম্মদ নাসিম পানি উন্নয়ন বিভাগের কাজিপুরে যমুনাপাড়ের ৪৬৫ কোটি টাকার চলমান উন্নয়ন প্রকল্পের শুভগাছা, সিংড়াবাড়ি ও মেঘাই এলাকার কাজ পরিদর্শন করেন। এ সময় কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও পানি উন্নয়ন বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী একে এম রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
