সুপরিকল্পিত নগরায়ণের মধ্য দিয়ে আধুনিক সভ্যতাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, বিশ্বের কাছে বাংলাদেশের স্থাপত্য উন্নত ও সমৃদ্ধ হিসেবে তুলে ধরতে হবে।
গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্তৃক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর কাছে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ‘এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড ২০১৯’-এর ক্রেস্ট ও সনদপত্র হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। গণপূর্ত মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে প্রাপ্ত এ অ্যাওয়ার্ড বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। অপূর্ব স্থাপত্য নকশার পূর্বাচল নতুন শহর প্রকল্প বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ প্রকল্প পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।’
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদউল্লাহ খন্দকার বলেন, ‘এ অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে বোঝা যায় আমরা সঠিক পথে আছি। ’
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেন, মো. ইয়াকুব আলী পাটওয়ারী, ড. মো. আফজাল হোসেন, মো. মনিরুজ্জামান ও মো. ইমরুল চৌধুরী, সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক উজ্জ্বল মল্লিক প্রমুখ।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রতি বছর যে সব শহর এবং প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ অর্জন এবং নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের প্রচেষ্টাকে সম্মান জানানোর লক্ষ্যে এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড প্রদান করে। এ বছর এশিয়া প্যাসিফিকের আটটি দেশ হতে ৩৬টি প্রকল্প এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
