ঘিওরে আলু চাষে ব্যস্ত কৃষক

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০০:১৮

ঘিওর (মানিকগঞ্জ) : ঘিওর উপজেলার কৃষকরা আমন ফসল ঘরে তোলার পাশাপাশি আলু চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমের শেষ সময়ে হিমাগারে রাখা আলুর আশানুরূপ দাম পেয়ে কৃষক আবারও আলু রোপণে ঝুঁকে পড়েছেন। এ অঞ্চলের মাটি আলু চাষের উপযোগী হওয়ায় অধিক জমিতে উচ্চ ফলনশীল জাতের আলু চাষ করে থাকেন চাষিরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এবারে আলু চাষের লক্ষ্যমাত্রা ৩৫৪ হেক্টর জমিতে। এ পর্যন্ত আবাদ হয়েছে ২১০ হেক্টর জমিতে। সাতটি উপজেলার মধ্যে বেশি আবাদ হয়েছে পয়লা ও বালিয়াখোড়া ইউনিয়নে। বর্তমানে যেসব জাতের আলুর বীজ কৃষকরা রোপণ করছেন এর মধ্যে রয়েছে—ডাইমন্ড, কাডিনাল, দেশীয় জাতের লাল পাকড়ী ও গ্যানোলা উল্লেখযোগ্য।  উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন জানান, লক্ষ্যমাত্রার অধিক জমিতে আলু চাষাবাদের প্রস্তুতি নেওয়া হলেও সার ও বীজের কোনো সমস্যা নেই        —মো. শফি আলম