মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে একটি ধর্ষণ মামলায় আদালতে সাক্ষ্য না দেওয়াতে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল মালেক খানের বেতন-ভাতা বন্ধসহ শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কেন করা হবে না তা জানতে আগামী ১৯ জানুয়ারি আদালতে উপস্থিত হয়ে তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই আদেশ দেন।
মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ কে এম নূরুল হুদা রুবেল জানান, ২০১৪ সালে ১২ ফেব্রুয়ারি ধর্ষণ মামলায় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গঠন করা হয়। মামলায় ভিকটিমের ধর্ষণ জনিত ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেন হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল মালেক। তাকে সাক্ষ্য দেওয়ার জন্য একাধিক বার সমন জারি করা হলেও তিনি আদালতে সাক্ষ্য দেননি। এ ব্যাপারের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল মালেক খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ডাক্তারি পরীক্ষার অনেক মামলায় আদালতে সাক্ষী দেওয়া হয়েছে। এই মামলাটি সম্পর্কে তিনি অবগত নন। আদালত ১৯ জানুয়ারি তাকে সশরীরে উপস্থিত হতে নির্ধারিত তারিখেই আদালতে তিনি উপস্থিত হবেন।
