সাভারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০০:২০

গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

 ইত্তেফাক রিপোর্ট

সাভারে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত ওই গৃহবধূর নাম শিউলি বেগম (২৩)। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। অপর দিকে এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাভারের রাজফুলবাড়িয়ার খাত্রাপাড়া এলাকায় নিজ বাড়িতে রাতের যে কোন সময় স্ত্রী শিউলি বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী নুরুল হক বাবু। পরে সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে স্বামী নুরুল হক বাবু ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। এলাকাবাসীর দাবি, স্বামীকে নেশা করতে বাধা দেওয়ায় ঐ গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী।

অন্যদিকে সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রেজাউল ইসলাম (২৩) নামে এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রাতে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় নিজ ভাড়া বাড়িতে অজ্ঞান অবস্থায় ঐ গার্মেন্টস শ্রমিককে উদ্ধার করে চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করলে সকালে সেখানে তার মৃত্যু হয়। মৃত রেজাউল ঠাকুরগাঁও সদর থানার হরিপুর গ্রামের খসরু ইসলামের ছেলে। তিনি হেমায়েতপুরের ব্যাবিলন গার্মেন্টসে কর্মরত ছিলেন। সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, এসব ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।