শ্রম অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে আইএলওর সহযোগিতা প্রয়োজন :আইনমন্ত্রী

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০১:২৬

আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাক্ষাত্ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর তুয়োমো পৌতিয়েইনেন। সাক্ষাত্ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশে শ্রম অধিকার প্রতিষ্ঠার সকল ব্যাপারে আইএলওর সহযোগিতা প্রয়োজন এবং সম্পর্ক আরো বৃদ্ধি করা প্রয়োজন।

তিনি বলেন, শ্রম অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে জননেত্রী শেখ হাসিনার সরকার যেসব স্ট্যান্ডার্ড অর্জন করতে যাচ্ছে তাকে সফল করার জন্য এবং আমাদের শ্রমিকদের যে অধিকার প্রয়োজন তা প্রতিষ্ঠার জন্য আইএলও সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে।

আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার বিগত সম্মেলনে বাংলাদেশ যেসব অঙ্গীকার করেছে এবং বাংলাদেশের ওপর যেসব দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য আইএলও এর কোনো সহযোগিতার প্রয়োজন হলে আইএলও তা দিতে প্রস্তুত আছে বলে কান্ট্রি ডিরেক্টর আমাকে জানিয়েছেন। তিনি বলেন, আইএলও প্রতিনিধিদল এখন শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করবেন এবং আরো বিশদভাবে এসব ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।