বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পেঁয়াজের সিন্ডিকেট ও মজুতদাররা সরকারের আশ্রয়ে যে জনগণের পকেট কাটছে তা আজ দিবালোকের মতো স্পষ্ট। পত্রিকায় খবর বেরিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ ও হিলির বেশ কয়েকজন পেঁয়াজ আমদানিকারক বলেছেন, বিদেশ থেকে গড়ে মাত্র ৩৮ টাকায় আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৬০ টাকায়। এই পেঁয়াজ সিন্ডিকেটের সঙ্গে সরকারের গিলে খাওয়া সরীসৃপরা জড়িত। পেঁয়াজের জন্য মানুষকে লাইনে দাঁড়িয়ে পুলিশের গুলি পর্যন্ত খেতে হয়। সরকার শুধু পেঁয়াজ বা চাল নয়, বাজার নিয়ন্ত্রণেও সম্পূর্ণ ব্যর্থ। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর চিন্তা নাই।’ বিমানে চড়া পেঁয়াজ এখনো ইমিগ্রেশন পার হয়ে বাজারে আসতে পারেনি। বাজারে পর্যাপ্ত শাকসবজি সরবরাহ থাকলেও শুধু সিন্ডিকেটের কারণে পাল্লা দিয়ে বাড়ছে এর দাম। পেঁয়াজের জন্য চলছে হাহাকার। রিজভী আরো বলেন, সরকার এখন কথায় কথায় বলে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নাকি সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু নিচে যে স্বাধীন দেশের ১৮ কোটি মানুষের স্বার্থ ও সম্মান জড়িত রয়েছে, সেগুলো এখন নতজানুর চোরাবালিতে ডুবে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতায় অভ্যর্থনা না দেওয়ায় একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী তো দূরের কথা, কোনো সিনিয়র সচিবকেও পাঠানো হয়নি। তাকে রীতিমতো অপমান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
