খেলাপি ঋণ আদায়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। তিনি বলেন, এ কোম্পানি গঠনে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক কাজ শুরু করেছে। এটার জন্য পলিসিও তৈরি করা হচ্ছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আয়োজিত ‘খেলাপি ঋণ বৃদ্ধি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিত চৌধুরী প্রমুখ। আসাদুল ইসলাম বলেন, দেশে খেলাপি ঋণ বাড়ছে, এটা কমিয়ে আনতে হবে। আসা করছি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে খেলাপি ঋণ কমিয়ে আনা সম্ভব হবে। তিনি বলেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া তাদের খেলাপি ঋণ কমিয়ে এনেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কীভাবে করা যায় সে বিষয়ে আলাপ-আলোচনা চলছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান বলেন, বর্তমানে আমাদের দেশে খেলাপি ঋণ বেড়েছে। তবে এটা পার্শ্ববর্তী দেশের তুলনায় খারাপ নয়। গত কয়েক বছর থেকে আমাদের দেশে মোট ঋণের শতাংশ ছয় থেকে ১১ শতাংশ খেলাপি ঋণ আছে। এর মধ্যে সরকারি বাণিজ্যিক এবং বিশেষায়িত ব্যাংকের পরিমাণ ১১ দশমিক ৬৯ শতাংশ। এটা বেশি তবে অন্যান্য ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেশি নয়। খেলাপি ঋণ কমানোটা একটি জটিল প্রক্রিয়া, এর সঙ্গে অনেক কিছু সংশ্লিষ্ট। তার পরও আমরা খেলাপি ঋণ কমিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করছি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠনে এডিবি সহযোগিতা করবে কি না এমন প্রশ্নে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, এ বিষয়ে আমরা কারিগরি সহযোগিতা করছি। এছাড়া দক্ষ লোকবল গঠনে সহযোগিতা করা হচ্ছে।
