গণমাধ্যমে নারীবান্ধব ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। নেতৃবৃন্দ বলেছেন, প্রতিটি প্রতিষ্ঠানে যৌন হয়রানিবিরোধী কমিটি গঠন ও আচরণবিধি প্রণয়ন করতে হবে এবং বৈষম্যবিরোধী নীতিমালা প্রণয়নের কথা বলেন।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে কর্মস্থলে নারীর নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে নারী সহকর্মীদের যৌন হেনস্থা করায় মোহনা টিভির যুগ্ম বার্তা সম্পাদক শহিদুল আলম ইমরানের শাস্তির দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক বলেন, কর্মস্থলে নারীবান্ধব কর্মপরিবেশ নারীদের দীর্ঘদিনের দাবি। অথচ তারপরেও গণমাধ্যমসহ অন্যান্য প্রতিষ্ঠানে নারীদের কাজের জায়গাটা হয়রানিমুক্ত নয়। এখনো প্রায় সময় শোনা যায় নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছে। আজ আমাদের এ বিষয়ে দাবি আদায়ে রাস্তায় দাঁড়াতে হয়েছে।
বক্তারা আরো বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় মোহনা টিভির চার জন নারী সাংবাদিক এবং মোট ১৮ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ইমরানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করছি। যাতে নারীর প্রতি যারা এমন অশোভন আচরণ করে তারা ভয় পায়।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রর সদস্য শাহনাজ শারমিন, শাহনাজ সিদ্দিকী, শরীফা বুলবুল, শাহনাজ পারভিন, নাঈমা মৌ, রুমানা জামান ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন আর্টিকেল-১৯ এর প্রতিনিধি।
