জোরালো ভূমিকম্পে আলবানিয়ায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। রাজধানী তিরানাসহ উত্তর ও পশ্চিমাঞ্চলে গতকাল ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়ে। অনেক বাসিন্দা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। খবর রয়টার্স ও ডেইলি মেইলের
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে তীব্র ভূকম্পন অনুভূত হয় আলবানিয়ায়। কম্পনের উপকেন্দ্র ছিল রাজধানী তিরানা থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬ দশমিক ৪। কম্পনের জেরে অনেক ভবন ধসে পড়ে। তিরানা এবং পশ্চিমাঞ্চলীয় ডুরেসের বন্দর এলাকার বাসিন্দাদের অনেককে ছেলেমেয়েকে নিয়ে বাড়ির বাইরে অপেক্ষা করতে দেখা যায়। উত্তরাঞ্চলীয় শহর থুমেনের বাসিন্দা মারজানা জোকা (৪৮) বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাত্ করে বাড়ি ঝাঁকুনি দেয়। ওপরের ছাদ মাথার ওপর ধসে পড়ে। তখন বুঝতে পারছিলাম না যে, কীভাবে বের হব। সৃষ্টিকর্তা আমাদের বাঁচিয়েছেন’। দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, থুমেন শহরের একটি অ্যাপার্টমেন্টের ধ্বসংস্তূপের নিচেই পাঁচ জনের মৃতদেহ পাওয়া যায়।
