দিনাজপুরে স্বামী হত্যার দায়ে ডলি খানম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত ডলি খানম দিনাজপুর সদর উপজেলার চৌঘরিয়া গ্রামের বেলায়েত মোল্লার মেয়ে। নিহত স্বামী গোপালগঞ্জ জেলার সদর উপজেলার শুকতাইল গ্রামের মৃত ওমর আলীর ছেলে সজ্জাদ আলী।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৪ নভেম্বর রাত ১০টার দিকে ডলি খানম তার স্বামী সাজ্জাদ আলীকে চৌঘরিয়া গ্রামের বাসায় হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাজ্জাদ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে। পরদিন ৫ নভেম্বর নিহত সাজ্জাদ আলীর বড় ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে ডলি খানমের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ডলি খানম পুলিশ কর্তৃক গ্রেফতার হলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এরপর মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে এই রায় ঘোষণা করেন আদালত।
আরও পড়ুন: চাল আত্মসাতের অভিযোগে যুবলীগ নেতা আটক
মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাসনে ইমাম নয়ন ও আসামি পক্ষে অ্যাডভোকেট ইমামুল ইসলাম।
ইত্তেফাক/এএএম
