বিনোদন ডেস্ক
টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে বছরের সেরা ১০টি সিনেমার নাম। এর বেশিরভাগই ইংরেজি ভাষার সিনেমা। তার মধ্যে চমক দেখালো কোরিয়ান ভাষার সিনেমা প্যারাসাইট। এমনকি দ্য গার্ডিয়ানও বলছে, প্যারাসাইট ২০১৯-এর সবচেয়ে আলোচিত বিদেশি ভাষার ছবি। এটি প্রথম ইংরেজি ভাষা ছাড়া ছবি হিসেবে অস্কারে সেরা চলচ্চিত্রের সম্মান জিততে পারে।
পরিচালক বং জুন-হোর ডার্ক কমেডি থ্রিলার প্যারাসাইট এ বছরের বক্স অফিস হিট। মুক্তির পর পঞ্চম সপ্তাহে ছবিটির আয় ১০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। আমেরিকায় এখনও ছবিটি সাফল্যের ধারাবাহিকতায় চলছে। এমনকি দেশটিতে এ বছরের সবচেয়ে সফল বিদেশি ভাষার ছবি হিসেবে বিবেচিত হচ্ছে প্যারাসাইট।
বিশ্ব চলচ্চিত্র বিশেষজ্ঞরা প্যারাসাইটের সেরা ছবির অস্কার জেতার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছেন। আগামী আসর থেকে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগটি পরিচিত হবে একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম নামে। কঠিন হলেও শোবিজ জগতের সর্বোচ্চ পুরস্কারটিই যেতে পারে প্যারাসাইটের ঘরে।
প্রথম দক্ষিণ কোরিয়ান ছবি হিসেবে প্যারাসাইট এ বছর পাম ডি’অর জিতেছে। কান উত্সবে সমালোচকদের রিভিউ দিয়ে প্যারাসাইট আলোচনায় ছিল এমন নয়, বরং তরুণ, অনলাইনভিত্তিক বিভিন্ন গ্রুপ উচ্ছ্বসিত ছিল প্যারাসাইট নিয়ে। তারা নিজেদের হ্যাশট্যাগ বংহাইভ নামে পরিচয় দেয়। এ তরুণ প্রজন্ম প্যারাসাইট পাম ডি’অর জেতার আগেই ছবিটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় নিয়ে আসে। আন্তর্জাতিক পর্যায়ে ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়।
একটি নন-আমেরিকান ছবি হিসেবে প্যারাসাইট যে আলোড়ন তুলেছে, তা সম্ভব হয়েছে সীমান্তহীন অনলাইন দুনিয়ার কারণে। দুনিয়ার তরুণরা প্যারাসাইট দেখেছেন রাজনৈতিক বিশৃঙ্খলার এ যুগে তাদের পাওয়া-না পাওয়ার ডিসকোর্সের উপস্থাপক হিসেবে। কোনো সন্দেহ নেই যে, প্যারাসাইট ২০১৯ সালের অন্যতম সেরা ছবি।
