তথ্যপ্রযুক্তি ডেস্ক
বিশ্বের সর্ববৃহত্ অন-ডিমান্ড রাইড-শেয়ারিং কোম্পানি উবার তাদের বহুল প্রতীক্ষিত ‘উবার পুল’ চালু করার মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠানটির তৃতীয় বছর পূর্ণ করল। গত তিন বছরে কয়েক মিলিয়নেরও বেশি ট্রিপ সম্পূর্ণ করে এবং প্রতি সপ্তাহে কয়েক হাজার নতুন চালক সংযুক্ত করে উবারের গ্লোবাল পোর্টফোলিওতে বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ একটি মার্কেট হিসেবে অবস্থান করে নিয়েছে।
উবার পুল রাইড শেয়ারিংয়ের এমন একটি নতুন ধারণা যা এক জন যাত্রীকে একই যাত্রাপথের অন্যান্য যাত্রীদের সঙ্গে ট্রিপ শেয়ারের পাশাপাশি যাত্রাপথের খরচও ভাগাভাগি করে নেওয়ার সুবিধা দেয়। কম সংখ্যক গাড়িতে বেশি যাত্রী বহন করার উদ্দেশ্যে থেকেই উবারপুলের মতো রাইডশেয়ারিং সার্ভিস চালু করা হয়েছে। এর ফলে যাত্রীদের সাশ্রয়ী মূল্যে যাতায়াত করা, চালকদের দীর্ঘ সময়ের লাভজনক ট্রিপ দেওয়া ও শহরগুলোতে যানজট কমানো সম্ভব হবে। একই দূরত্বের জন্য উবার এক্সের ভাড়ার চেয়ে উবারপুলের ভাড়া ৪০% পর্যন্ত সাশ্রয়ী হতে পারে।
বাংলাদেশে রাইড শেয়ারিং ব্যবসার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান রাতুল ঘোষ বলেন, ‘গত তিন বছরে বাংলাদেশের মোবিলিটি ইকোসিস্টেমের (যাতায়াত ব্যবস্থার) একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পেরে আমরা গর্বিত। উবার পুল চালু করার মাধ্যমে আমরা বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার প্রতি আমাদের প্রতিশ্রুতি অব্যাহত রেখেছি। উবারে আমরা আরো বেশি কার্যকর কারপুলিং ব্যবস্থার জন্য প্রযুক্তির ব্যবহার করতে চাই, কারণ আমরা বিশ্বাস করি এটিই এই সার্ভিসের ভবিষ্যত্। বাংলাদেশে আমাদের সাফল্যের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আমি বাংলাদেশ সরকার, আমাদের ব্যবসায়িক অংশীদার, চালক ও যাত্রীদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই এবং তাদের আশ্বস্ত করতে চাই যে, এই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দেশের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও বিকাশে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
উবারপুলের যাত্রা শুরু করার পর থেকে এই পাঁচ বছরে উবার পুল প্রযুক্তির সঙ্গে পরিবর্তিত হওয়ার পাশাপাশি যাত্রা ভাগাভাগি করে নেয়াকে নতুন রূপ দিয়েছে। যাত্রীদের দ্রুততার সঙ্গে আরো কম সময়ে রাইড খুঁজে দেওয়ার মাধ্যমে উবার পুল গ্রাহকদের কাছে প্রতিনিয়ত সাশ্রয়ীমূল্যে বিকল্প যানবাহন সরবরাহ করে।
উবার পুল ব্যবহার করবেন যেভাবে
আপনি অ্যাপের মধ্যেই পুল অপশনটি পাবেন। রাইড রিকোয়েস্ট করার পর আপনার গন্তব্যের সঙ্গে মিলে যায় এমন সহযাত্রী ও নিকটস্থ চালকের সঙ্গে আপনাকে যোগাযোগ করিয়ে দেওয়া হবে এবং দুই মিনিটের মধ্যে পিকআপের জন্য সবচেয়ে সুবিধাজনক জায়গাটি আপনাকে নির্বাচন করে দেওয়া হবে।
যখন আপনি রাইডটি কনফার্ম করবেন তখন অ্যাপ আপনাকে হাঁটার দিকনির্দেশনা ও পিক আপ করার সময় দেওয়া হবে যাতে আপনি জানতে পারেন কখন ও আপনার কোথায় আপনার চালকের সঙ্গে দেখা করতে হবে। আপনার যাত্রা শেষ হওয়ার কিছু আগে উবার অ্যাপ একটি ড্রপ অব স্পট নির্বাচন করবে, আপনাকে অবহিত করবে এবং আপনার চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর দিকনির্দেশনা দেবে।
