ইত্তেফাক রিপোর্ট
আগের দিনের মতো গতকাল বুধবারও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল দেশের উভয় শেয়ারবাজারের সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার, ইউনিট দর এবং লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩০ পয়েন্টে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক সাত পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৮২ ও ১ হাজার ৬৪৬ পয়েন্টে। ডিএসইতে বুধবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৬৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩ কোটি ৮৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬০ কোটি ৩৬ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৪৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির বা ৩৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৮৯টির বা ৫৪ শতাংশের এবং ৪২টি বা ১২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের। এদিন কোম্পানিটির ৪৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা স্কয়ার ফার্মার ১৯ কোটি ২০ লাখ টাকার এবং ১৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে সোনারবাংলা ইন্স্যুরেন্সের।
ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : ফরচুন সুজ, বেক্সিমকো ফার্মা, সুহূদ, স্টাইলক্রাফট, ডরিন পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স এবং সিটি ব্যাংক। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮১ পয়েন্টে। গতকাল সিএসইতে হাত বদল হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৯টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। গতকাল সিএসইতে ২৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
