কাল শুরু দিবারাত্রির টেস্ট

ব্যাপক পরিবর্তন আনছে পাকিস্তান

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:২৯

স্পোর্টস ডেস্ক

বাজে হারের পর টেস্টের স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারে সফরকারী পাকিস্তান দল। অ্যাডিলেডে আগামীকাল শুক্রবার শুরু হওয়া দিবারাত্রির টেস্ট দিয়ে অভিষেক ঘটতে পারে পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার মুসা খানের।

ব্রিসবেনে গাব্বায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫ রানে পরাজিত হওয়ার পর পাকিস্তান দলে অভিষেক হতে পারে ওপেনার ইমামুল হক ও ফাস্ট বোলার মোহাম্মদ আব্বাসেরও। প্রথম ম্যাচে দলের বাজে পারফরমেন্সের পর দলে ব্যাপক পরিবর্তন আশা করছে অনেকেই।

ধুঁকতে থাকা হারিস সোহেলের জায়গায় ইমাম এবং ফাস্ট বোলার ইমরান খান সিনিয়রের জায়গায় সুযোগ পেতে পারেন আব্বাস। প্রথম ম্যাচে প্রশংসনীয় নৈপুণ্য দেখালেও নতুন পেস সেনসেশন নাসিম শাহর পরিবর্তে অভিষেক হতে পারে মুসার।

অন্যদিকে, আত্মতুষ্টিতে না ভুগে ফেবারিট হিসেবে মাঠে নামা অস্ট্রেলিয়ার মতে দিবারাত্রির টেস্টটা হবে অন্যরকম। অধিনায়ক টিম পেইন বলেন, ‘অবশ্যই দিবারাত্রির এ ম্যাচে কৌশল কিছুটা ভিন্ন হবে। আমরা অপেক্ষা করব উইকেট দেখব এখানে বল কেমন আচরণ করে। সব কিছু বিবেচনা করেই আমরা পুরো ম্যাচের কৌশল ঠিক করব। সকলেই এ ম্যাচটির অপেক্ষায় আছে। তবে আমরা জানি এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ম্যাচ।’

নিঃসন্দেহে অস্ট্রেলিয়া ফেবারিট। চার বছর আগে গোলাপি বলের দিবারাত্রির টেস্ট শুরুর পর এ পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতেই জয়ী হয়েছে অসিরা। যার মধ্যে তিরটি ছিল এই অ্যাডিলেডে এবং তাদের ফাস্ট বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাচেলউড এবং প্যাট কামিন্স সকলেই ফ্লাড লাইটের অধীনে খুব ভালো করেছেন।

কামিন্স বলেছেন অ্যাডিলেড ওভালে রাত্রিকালীন সময়টা ছিল ‘একজন ফাস্ট বোলারের স্বপ্ন’। তিনি বলেন, ‘অ্যাডিলেডে সত্যিই আমাদের রেকর্ড খুব ভালো। এখানকার কন্ডিশন সম্পর্কে আমরা খুব ভালো জানি। আমার মনে হয় ব্রিসবেনের তুলনায় এখানের ম্যাচটি হবে কিছুটা ভিন্নধর্মী।’

তিনি আরো বলেন, ‘এমসিজি ও এসসিজির উইকেটে আমাদের সকলেরই কিছু অভিজ্ঞতা আছে। এখানের উইকেটে কিছুটা ঘাস থাকবে। গোলাপি বল রাতের কিছুটা ভিন্ন আচরণ করবে—এটা একজন ফাস্ট বোলারের স্বপ্ন।’

এ ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে এ পর্যন্ত টানা ১৩ টেস্টে পরাজিত হয়েছে পাকিস্তান এবং টিম পাইনের দল ২-০ ব্যবধানে সিরিজ জিততে না পারলে সেটা হবে চরম হতাশার। ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে খারাপ আচরণের কারণে গাব্বা টেস্টে নিষিদ্ধ থাকার পর এ টেস্টের দলে ফাস্ট বোলার জেমস প্যাটিনসনকে পাওয়া গেলেও ব্রিসবেনের একাদশ নিয়েই অস্ট্রেলিয়া মাঠে নামবে ধারণা করা হচ্ছে। —বাসস