জর্জ বেইলি এখন নির্বাচক

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:২৯

স্পোর্টস ডেস্ক

বয়স মাত্র ৩৭। অথচ, এই বয়সেই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচকের দায়িত্ব পেতে চলেছেন সাবেক অধিনায়ক জর্জ বেইলি। সিএ গতকাল বুধবার জানিয়েছে, আসন্ন বিগ ব্যাশের আসর শেষেই তিনি এই দায়িত্ব পাবেন।

গেল ফেব্রুয়ারিতেই তাসমানিয়া ও হোবার্ট হারিকেন্সের হয়ে নিজের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টেনেছেন বেইলি। আর ক্রিকেট ছাড়ার এক বছরের কম সময়ের মধ্যে তিনি অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলের জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য হতে চলেছেন।

গেল দুদিন ধরেই এই নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল। এবার সেটাই সত্যি হলো। এ বছরের অ্যাশেজ শেষে নির্বাচকের পদ থেকে অবসরে চলে গেছেন গ্রেগ চ্যাপেল। তারই ছেড়ে যাওয়া জায়গা পূরণ করলেন বেইলি।

অস্ট্রেলিয়ার হয়ে খেলোয়াড়ি জীবনে সব ফরম্যাট মিলিয়ে ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বেইলি। এর মধ্যে আছে ৯০টি ওয়ানডে, ৩০টি টি-টোয়েন্টি ও পাঁচটি টেস্ট। টি-টোয়েন্টি দলের অধিনায়ক ও ওয়ানডে দলের সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বেইলি।

তিনি ২০১৩-১৪ মৌসুমে অ্যাশেজজয়ী অজি দলেও ছিলেন। এর আগে ২০১২ সালে তিনি অভিষেক ম্যাচেই অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেছিলেন। ১৮৭৭ সালের পর সেটাই ছিল অভিষেকেরই অধিনাকত্ব করার প্রথম ঘটনা। দীর্ঘ ১৫ বছর তিনি কাটিয়েছেন তাসমানিয়া দলে।

জাতীয় দলের নির্বাহী জেনালের ম্যানেজার বেন অলিভার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘জাতীয় নির্বাচক প্যানেলে জর্জ বেইলিকে পেয়ে আমরা রোমাঞ্চিত। ও দারুণ একজন নেতা, সম্মানিত একজন দল। আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ চিন্তাধারার মানুষ হিসেবেও পরিচিত। ওর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারই ওর হয়ে কথা বলে। সব ফরম্যাটেই ওর অভিজ্ঞতা আছে। আশা করি, দেশের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও নির্বাচক হিসেবে বড়ো দায়িত্ব পালন করবে।’

জর্জ বেইলিও নতুন দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত। তিনি বলেন, ‘আমি চাই অস্ট্রেলিয়া ক্রিকেট দল দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য কাজ করুক। আর সেই সাফল্যের পেছনে আমিও ভূমিকা রাখতে চাই। আশা করি, দল ও বোর্ডে আমি ইতিবাচক কিছু ভূমিকা রাখতে পারবে। নিঃসন্দেহে আগামী কয়েকটা মাস আমাদের জন্য খুবই রোমাঞ্চকর হবে।’