ইতিহাস গড়লেন লেভানডোভস্কি

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৩০

স্পোর্টস ডেস্ক

মাত্র ১৫ মিনিটে চার গোল করে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডোভস্কি। এটা হলো প্রতিযোগিতাটির ইতিহাসে সবচাইতে কম সময়ে চার গোল করার ঘটনা।

লেভানডোভস্কি মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে চার গোল করলেন। অপরজন হলেন লিওনেল মেসি। পোলিশ খেলোয়াড়টি এর আগে তার সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ২০১২-১৩ মৌসুমের সেমিফাইনালে চার গোল করেছিলেন।

ইউরোপের ক্লাবগুলোর সর্বোচ্চ এই টুর্নামেন্টে লেভানডোভস্কির এটি তৃতীয় হ্যাটট্রিক। তিনি এখন হ্যাটট্রিকের হিসেবে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পেছনে এসে দাঁড়ালেন। মেসি ও রোনালদো উভয়ে হ্যাটট্রিক করেছেন আটটি করে।

এরই সুবাদে তিনি চলতি মৌসুমে ইউরোপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়লেন। এবারের চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ খেলায় ১০ গোল করলেন তিনি। মৌসুমের হিসেবে ২০ খেলায় ২৭ গোল। অবশ্য প্রথমার্ধে তার একটি গোল ভিএআর (ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি) প্রযুক্তির কারণে বাতিল হয়ে যায়।

গত মঙ্গলবার রাতে সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে গোলগুলো করেন তিনি। তাতে ‘বি’ গ্রুপে আগেই নকআউট পর্ব নিশ্চিত করা বায়ার্ন জয়ী হয় ৬-০ গোলে।

বেলগ্রেডের মাঠে বায়ার্নের গোল বন্যার শুরু ১৪তম মিনিটে। ফিলিপ কোতিনহোর ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন জার্মান মিডফিল্ডার লেয়ন গোরেটস্কা। জার্মান চ্যাম্পিয়নরা বাকি পাঁচ গোল করে দ্বিতীয়ার্ধে।

 লেভানডোভস্কির গোলের সূচনা হয় ৫৩তম মিনিটে স্পট কিকে।  ৬০ ও ৬৪তম মিনিটে আরো দুই গোল দিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। তিন মিনিট পর নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোলটি করেন পোলিশ এই ট্রাইকার।

তারকা ট্রাইকারটি স্কাই স্পোর্টসকে বলেন, ‘সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা সত্যি খুব ভালো খেলেছি। রক্ষণাত্মক এবং আক্রমণাত্মকভাবে। কার সাথে খেলা এটা গুরুত্বপূর্ণ নয়। আমরা একই পরিকল্পনা অনুসরণ করি।’

নিজের সম্পর্কে তার ভাষ্য, ‘আমি অতটাই খুশি যখন নিজে গোল না করলেও দল জয়ী হয়।’ তিনি আসলে গত শনিবার ফরচুনা ডুসেলডর্ফের বিরুদ্ধে গোল করতে না পারলেও দলের ৪-০ জয়ের প্রসঙ্গটিকেই স্মরণ করিয়ে দেন।

জার্মান ক্লাবটির ভারপ্রাপ্ত কোচ হ্যান্সি ফ্লিক তার স্ট্রাইকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘এটা হলো তার অবিশ্বাস্য পেশাদারিত্ব এবং যে ভাবে সে অনুশীলন করে তার ফসল। সে উন্নতির জন্য সবসময়েই বাড়তি অনুশীলন করে।’