স্পোর্টস রিপোর্টার
সার্ক দাবার উদ্বোধন করতে গিয়ে দাবাড়ুদের জন্য সুখবর দিয়েছেন দাবা ফেডারেশন সভাপতি ও র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বেনজির আহমেদ বলেন, ‘করপোরেট সংস্থা আগ্রহ দেখিয়েছে তারা পাঁচ বছরের জন্য স্কুল দাবাকে স্পন্সর করতে চায়। যদি আমরা এটা করতে পারি তাহলে পাইপলাইন হতে প্রচুর দাবাড়ু তৈরি হবে। আমি কিন্তু একটা কথা বলে আসছি দাবায় আমাদের ভবিষ্যত্ আছে। এই মুহূর্তে আমাদের হাতে ১৪০০ রেটিং প্রাপ্ত খেলোয়াড় রয়েছে। আমরা যদি স্কুল দাবাকে বড়ো প্ল্যাটফরমে দেশব্যাপী ছড়িয়ে দিতে পারি তাহলে সুযোগ আরো বেড়ে যাবে।’ শনিবার রাজধানীর পল্টনের হোটেল ফার্সে সার্ক দাবার উদ্বোধনী অনুষ্ঠানে বেনজির আহমেদ দাবার কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘আমরা কিছু বেসিক কাজ করেছি। সেটা হলো—খেলাটাকে জাতীয় পর্যায়ে নিয়মিতকরণ। সেটা করেছি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যেটি, তা হলো—আমাদের যারা ভালো খেলোয়াড় তাদেরকে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইভেন্টে পাঠানো, সেটাও আমরা করতে পেরেছি। তার পরে যেটা করেছি আমরা দেশে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করা, সেটাও করেছি।’
দাবাড়ুদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি দাবাড়ুদের মধ্যে ঐক্য চাই, একাগ্রতা চাই, আরো নিষ্ঠা চাই। আমরা গ্র্যান্ডমাস্টার হতে চাই—খেলোয়াড়দের এমন টার্গেট থাকা চাই।’ দাবাড়ুদের টার্গেট নির্ধারণ করে দিয়ে ফেডারেশন সভাপতি বলেছেন, ‘আগামী ২ বছরের আমরা দুই-তিন জন গ্র্যান্ডমাস্টার পাব, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এটা করতে পারলে আমরা মনে হয় স্পনসরও খুঁজে পেতে সমস্যা হবে না।’
