কলমাকান্দার মাইজপাড়া-জয়নগর সড়ক

ব্রিজ থাকলেও নেই সংযোগ সড়ক

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৪৪

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দার সদর ইউনিয়নের মাইজপাড়া-জয়নগর সড়কে নির্মিত পাকা সেতুর সংযোগ সড়ক না থাকায় জনসাধারণের কোনো কাজে আসছে না। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থ সহায়তায় গত বছর সেতুটি নির্মাণ হয়।   

সরেজমিনে দেখা গেছে, কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের মাইজপাড়া থেকে জয়নগর হয়ে মনকান্দিয়া পর্যন্ত রাস্তার মাইজপাড়া এলাকায় ডা. আব্দুল হেকিমের বাড়ির সামনের খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর দুই পাশে কোনো সংযোগ সড়ক না থাকায় পাশের জমির আইল দিয়ে চলাচল করছে ঐ এলালার লোকজন।

উপজেলার পাচুড়া গ্রামের কৃষক মো. জালাল মিয়াসহ আরো কয়েক জন জানান, সেতুটি নির্মাণের ছয় মাস পর বন্যার পানিতে উভয় পাশের সংযোগ সড়ক ধসে যায়। এরপর থেকে ঐ সেতু দিয়ে লোকজন চলাচল করতে পারছে না। শুকনো মৌসুমে হেঁটে যাতায়াত করা গেলেও বর্ষার সময় নৌকা ও কলাগাছের ভেলা ছাড়া কোনো উপায় থাকে না।

কলমাকান্দা সরকারি কলেজের প্রভাষক রাজন সাহা রুপন বলেন, প্রতিদিন কলেজের অনেক শিক্ষার্থী ঐ সেতুতে উঠানামা করতে না পাড়ায় পাশের জমির আইল দিয়ে যাওয়া-আসা করছে। সংযোগ সড়ক নির্মাণ হলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার ১০-১৫টি গ্রামের লোকজনের ভোগান্তির অবসান হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আশাদুজ্জামান বলেন, বন্যার সময় এলাকার কিছু লোক নৌকা পারাপারের জন্য সেতুর দুই পাশের মাটি কেটে নেওয়ার ফলে সড়কের ক্ষতি হয়েছে। তবে এখন যদি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বরাদ্দ দেন তাহলে সংযোগ সড়ক করে দেওয়া হবে। সদর ইউপি চেয়ারম্যান গোলাম মৌলা বলেন, সেতুর সংযোগ সড়ক সংস্কারের  ব্যবস্থা নেওয়া হবে।