বাবা-মাকে মারধর করায় ছেলের দণ্ড

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৪৫

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

রংপুরের পীরগাছায় নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে কামরুজ্জামান নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা ফেরদৌস এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত কামরুজ্জামান উপজেলা সদরের চন্ডিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। বুধবার নেশার টাকা না পেয়ে বাবা নুরুল ইসলামকে মারধর করেন। নুরুল ইসলাম অতিষ্ঠ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় কামরুজ্জামানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।