অভিযোগ যাচাই-বাছাই
শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর
রাঙ্গামাটি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর থেকে যাচাই-বাছাই কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হক। তিনি বলেন, এ পর্যন্ত কমিশনের কাছে ২২ হাজার ৯০টি অভিযোগ জমা পড়েছে। আশা করছি আমরা এই কাজগুলো খুবই দ্রুত শেষ করতে পারব।
বুধবার সকালে রাঙ্গামাটি সার্কিট হাউজে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক এ কথা বলেন।
বৈঠকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি সার্কেল চীফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মো. আলী মনছুর উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান বলেন, ভূমি কমিশনের কাজ আরো দ্রুত করতে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় দুটি অফিস নেওয়া হচ্ছে। ইতিমধ্যে রাঙ্গামাটি জেলা পরিষদে ভূমি কমিশনের শাখা অফিস হয়েছে। আগামী মিটিং আমরা রাঙ্গামাটির নতুন অফিসেই করব।
আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, ভূমি নিষ্পত্তির বিষয়টি খুবই জটিল। কারণ ভূমি নিয়ে পার্বত্য অঞ্চলের অনেক অনেক বিষয় জড়িয়ে আছে। তাই এই মুহূর্তে বিষয়টি প্রক্রিয়ার মধ্যে আনতে আমরা সবাই মিলে কাজ করছি।
বৈঠক শেষে রাঙ্গামাটি জেলা পরিষদ মিলনায়তনের এনেক্স ভবনে ভূমি কমিশনের শাখা অফিস ঘুরে দেখেন ভূমি কমিশনের চেয়ারম্যান আনোয়ারুল হক ও অন্য সদস্যরা।
