স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামী আটক

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৪৯

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে স্ত্রী অরুনা বেগমকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী বাবলু কামালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। উপজেলার মির্জাপুর গ্রামের বাদুল্লা পাড়ার করিম হোসেনের মেয়ে অরুনা বেগম। তার স্বামী বাবলুও একই উপজেলার হাটুরিয়া গ্রামের সদর উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে বাবলু অরুনার বাবার বাড়ি মির্জাপুরে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। নানা বিষয়ে তাদের মধ্যে কলহ হতো। মঙ্গলবার রাতে খাবার শেষে ছেলেকে তার নানার ঘরে শুইয়ে রেখে স্বামী ও স্ত্রী নিজঘরে ঘুমাতে যান। রাত সাড়ে ৩টার দিকে বাবলু তার শ্বশুর ও ছেলেকে ডেকে বলে অরুনা মারা গেছে। মৃতের বাবা করিম হোসেন জানান, পারিবারিক কলহের জেরে তার মেয়ে অরুনাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীন বলেন, খবর পেয়ে অরুনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবলুকে আটক করা হয়। প্রাথমিকভাবে হত্যার কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত অরুনার ভাই আজিজুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।