মরিয়মনগর ইউপি অফিসে হামলা-ভাঙচুর

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৫০

এক জন গ্রেফতার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

রাঙ্গুনিয়ায় মরিয়মনগর ইউপি কার্যালয়ে গত মঙ্গলবার বিকেলে দুর্বৃত্তের হামলায় ইউপি সচিব ও সদস্যসহ চার জন আহত হয়েছেন। এসময় দুর্বৃত্তরা ইউপি অফিসে তিনটি কম্পিউটারসহ মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান বাদী হয়ে তিন জনকে আসামি করে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হচ্ছেন—মোহাম্মদ বাচা বাঘাইয়া, খায়েজ আহমদ ও মোহাম্মদ মুফিজ। পুলিশ মোহাম্মদ বাচা বাঘাইয়াকে গ্রেফতার করেছে। আহত ইউপি সদস্য মোহাম্মদ হারুন, ইউপি সচিব আবু আহমেদ সায়েম চৌধুরী, দফাদার মোহাম্মদ মুবিন, সাবেক ইউপি সদস্য মোবারক হোসেনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সা দেওয়া হয়েছে।

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মাহবুব হোসেন জানান, মামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর মরিয়মনগর ইউপি নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে।