রাবিতে এক ভর্তিচ্ছু ‘সি’ ইউনিটে প্রথম ‘এ’ ইউনিটে অকৃতকার্য!

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৫২

রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় মো. হাসিবুর রহমান নামের ভর্তিচ্ছু ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে প্রথম হলেও ‘এ’ ইউনিটে অকৃতকার্য হন। এ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ডাকা হলেও সাড়া দিচ্ছেন না তিনি।

হাসিবুর রহমান চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাড়ইপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। এ বছর তিনি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হাসিবুর চলতি বর্ষে ভর্তি পরীক্ষায় ‘এ’ ও ‘সি’ ইউনিটে অংশ নেন। গত ৬ ও ৭ নভেম্বর যথাক্রমে দুই ইউনিটের ফল প্রকাশ হলে ‘সি’ ইউনিটে প্রথম ও ‘এ’ ইউনিটে বহুনির্বাচনীতে মাত্র ২০ নম্বর পেয়ে অকৃতকার্য হন হাসিব। পরীক্ষার শর্তানুযায়ী বহুনির্বাচনীতে অকৃতকার্য হলে লিখিত খাতা মূল্যায়নের অযোগ্য বলে বিবেচিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. একরামুল হামিদ বলেন, আমরা হাসিবুরের দুটি ইউনিটের খাতা সংগ্রহ করেছি। সে কোনো জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত কি না তার তদন্ত চালাচ্ছি। এরই মধ্যে হাসিবুরের মা-বাবার মোবাইল নম্বর ও কাগজপত্র রেখে দিয়েছি। মঙ্গলবার সকালে তাকে ডাকা হলেও উপস্থিত হয়নি। এদিকে হাসিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।