সাতক্ষীরায় সেপটিক ট্যাংকে মিলল গৃহবধূর লাশ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৫২

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে স্ত্রী মারুফা বেগমকে (৩৫) শ্বাসরোধ করে হত্যার পর টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছিলেন স্বামী শহীদুল ইসলাম। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য থানায় স্ত্রী নিখোঁজ হয়েছে—মর্মে সাধারণ ডায়ারিও করেছিলেন তিনি। বুধবার দুপুরে সেপটিক ট্যাংক থেকে বিকট দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। এরপর বিষয়টি আঁচ করতে পেরে তারা শহীদুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে সে তার স্ত্রীকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখার বিষয়টি স্বীকার করে।

কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনাটি ঘটে। আটক শহিদুল ইসলাম ঐ গ্রামের মৃত লালচাঁন কারিকরের ছেলে। পুলিশের তাত্ক্ষণিক জিজ্ঞাসাবাদে শহীদুল ইসলাম জানান, গত ১৭ নভেম্বর শ্বাসরোধ করে মারুফাকে হত্যা করেন তিনি। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদুল ইসলাম নিজের স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তাকে আটকও করা হয়েছে।