মুনীর চৌধুরী পদকে শফি আহমেদ ও জাকারিয়া পদকে ভূষিত শিশির রহমান

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

নাটকের দল থিয়েটার প্রবর্তিত মুনীর চৌধুরী ও জাকারিয়া স্মৃতি পদক পেলেন যথাক্রমে শফি আহমেদ ও শিশির রহমান। আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় মুনীর চৌধুরী পদকপ্রাপ্ত শফি আহমেদকে প্রদান করা হয় ৫০ হাজার টাকার অর্থমূল্য ও জাকারিয়া পদকের জন্য শিশির রহমানকে প্রদান করা হয় ২৫ হাজার টাকার অর্থমূল্য। পদকপ্রাপ্তদের নিয়ে সম্মাননাপত্র পাঠ করেন সামিয়া মহসিন ও তামান্না ইসলাম।

গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পদক ও অর্থমূল্য তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইমেরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। থিয়েটারের সভাপতি ফেরদৌসী মজুমদারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন সাংগঠনিক পরিচালক রামেন্দু মজুমদার। সবশেষে থিয়েটার প্রযোজনায় মঞ্চায়ন হয় মুনীর চৌধুরীর দুটি একাঙ্কিকা নাটক ‘স্বামী সাহেবের অনশনব্রত’ ও ‘গতকাল ঈদ ছিল’। এতে অভিনয় করেন দলের নিয়মিত সদস্যরা। মুনীর চৌধুরী স্মরণে ১৯৮৯ সাল থেকে ও জাকারিয়া স্মরণে ১৯৯৭ সাল থেকে এই পদক প্রদান করে আসছে থিয়েটার।