বিশ্ববিদ্যালয় রিপোর্টার
কৃষি মন্ত্রী ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন একটি বড়ো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশগত উন্নয়ন ও বায়ু দূষণরোধেও সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘এনভায়রনমেন্টাল সলিউশনস্ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট: টুওয়ার্ডস ডেভেলপড বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় কনফারেন্সে বিশেষ অতিথি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক বজলুল হক খন্দকার।
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি কর্তৃক আয়োজিত কনফারেন্সে থিম স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবিদ অধ্যাপক ইমেরিটাস ড. আইনুন নিশাত। প্লানারি লেকচার প্রদান করেন বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ ড. আতিক রহমান এবং ইউএসএ এর বিখ্যাত ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেগরি জে হাওয়ার্ড।
