বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গতকাল বুধবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের অন্তর্গত ২১ স্কোয়াড্রন, দুই ফিল্ড ইউনিট এবং দুই প্রভোস্ট অ্যান্ড নিরাপত্তা ইউনিটকে ‘বাংলাদেশ বিমান বাহিনী পতাকা’ প্রদান করেন। বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমান বাহিনী প্রধানকে স্বাগত জানান ঘাঁটির এয়ার অধিনায়ক, এয়ার কমডোর মু. কামরুল ইসলাম। পতাকা প্রদান এই অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ঘাঁটি জহুরুল হক আয়োজিত একটি মনোজ্ঞ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর মোহাম্মদ হাসান জিডি (পি)। বিমান বাহিনী প্রধান বাদক ও পতাকাবাহী দলের সমন্বয়ে একটি আড়ম্বরপূর্ণ পরিবেশে ২১ স্কোয়াড্রন, দুই ফিল্ড ইউনিট এবং দুই প্রভোস্ট অ্যান্ড নিরাপত্তা ইউনিটকে ‘বাংলাদেশ বিমান বাহিনী পতাকা’ হস্তান্তর করেন।
বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ
বাংলাদেশ বিমান বাহিনীর ১১২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল বুধবার বিমান বাহিনীর ঘাঁটি বাশার-এর কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনীর প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মধ্যে সনদ ও ট্রফি বিতরণ করেন। উক্ত কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৯ জন এবং ভারতীয় বিমান বাহিনী, নাইজেরিয়া বিমান বাহিনী, শ্রীলঙ্কা বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর ১ জন করে কর্মকর্তা কোর্সে অংশগ্রহণ করেন।
