যুক্তরাষ্ট্রে নিজের অভিশংসনের শুনানিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। তদন্ত কমিটি তাকে শুনানিতে হাজির বা তাকে অভিযোগ করা থেকে দূরে থাকতে বলেছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের পক্ষে জনসমর্থন ক্রমেই বাড়ছে বলে এক জরিপে দেখা গেছে। খবর রয়টার্সের
আগামী ৪ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পকে তদন্ত কমিটির শুনানিতে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন হাউজ জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাটিক চেয়ারম্যান জেরল্ড নাডলার। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত কমিটিতে হাজির হয়ে নিজের বক্তব্য উপস্থাপন করা, অথবা তদন্ত প্রক্রিয়া নিয়ে তার অভিযোগ বন্ধ করা। আর প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে উপস্থিত হয়ে সাক্ষীদের প্রশ্ন করারও সুযোগ পাবেন বলে নাডলার জানিয়েছেন। তদন্ত প্রক্রিয়ায় এটা হবে আরেকটি নতুন ধাপ।
বার্তা সংস্থা রয়টার্স/ইপসোস সোমবার ও মঙ্গলবার জরিপ চালিয়েছে। দেখা গেছে, ৪৭ শতাংশ প্রাপ্তবয়স্ক প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের পক্ষে এবং ৪০ শতাংশ বিপক্ষে মত দিয়েছে। অভিশংসনের পক্ষে শুনানির প্রথম সপ্তাহের চেয়ে ৪ শতাংশ এবং দ্বিতীয় সপ্তাহের চেয়ে ৫ শতাংশ বেড়েছে। গত ২৫ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদেমির জেলোনেস্কির সঙ্গে ফোনালাপ করেন। এই সময় তিনি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্তে জেলোনেস্কিকে চাপ দিয়েছিলেন বলে তথ্য ফাঁস হয়েছে। তিনি ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা বন্ধেরও হুমকি দিয়েছিলেন। ব্যক্তিগত স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের স্বার্থকে ব্যবহার করেছেন কি না সেই বিষয়ে তদন্ত করছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের তদন্ত কমিটি।
