সব প্রতিবন্ধীকে কার্ড প্রদান ও দরিদ্রদের কর্মসংস্থানের দাবি

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০০:৩২

সব প্রতিবন্ধী ব্যক্তিকে জরিপের আওতায় আনা ও কার্ড প্রদান করা, ইউনিয়ন পরিষদ ভবনসহ সব সরকারি ভবন প্রবেশগম্য করা, দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আওতায় আনার দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদে আয়োজিত নাগরিক সংলাপে বক্তারা এ দাবি জানান। কমনওয়েলথ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কর্মরত সংস্থা অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও কুল্লা ইউনিয়ন পরিষদ যৗথভাবে এ সংলাপের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালিপদ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রতিবন্ধী ব্যক্তিবর্গ ও তাদের অভিভাবকবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন অ্যাকসেস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা মহুয়া পাল, প্রতিবেদন উপস্থাপন করেন মনিটরিং কো-অর্ডিনেটর লিটন বারুরী।  প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন অভিযোগ ও দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনার প্রতিশ্রুতি দেন কালিপদ সরকার। অনুষ্ঠানে সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্ন ও সেবাদাতাদের প্রতিশ্রুতি সম্বলিত একটি কর্মপরিকল্পনা তুলে ধরেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী তসলিম জাহান।