নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া

মির্জা ফকরুলসহ ৫০০ জনকে আসামি করে মামলা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০০:৪৪

সুপ্রিম কোর্টের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়ার ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শাহবাগ থানার এসআই মতিউর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন। মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, হাবি উন নবী সোহেলসহ ২৮ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতনামা হিসেবে ৫০০ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

এদিকে এই মামলার এজহারনামীয় ১৫ নম্বর আসামি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি বিএনপি নেতা ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সমাবেশ করে।