খালিদীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে এলআর গ্লোবালের সিইওকে তলব

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০০:৪৫

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এলআর গ্লোবালের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও ও পরিচালক রিয়াজ ইসলামকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক থেকে কনকর্ড ১-কে টাওয়ারে অবস্থিত এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির অফিসে চিঠি পাঠানো হয়েছে। ঐ চিঠিতে রিয়াজ ইসলামকে আগামী ৪ ডিসেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছে।

দুদক সূত্র জানায়, রিয়াজ ইসলামের কাছে পাঠানো দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদীর নিজের এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হিসাবে ‘বিপুল পরিমাণ টাকা স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন এবং বিভিন্ন ‘অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ’ অর্জনের অভিযোগ প্রসঙ্গে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। এমতাবস্থায় আগামী ৪ ডিসেম্বর দুদকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ে হাজির হতে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সম্পর্কে আপনার কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে।

প্রসঙ্গত, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে গত ৫ নভেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে তলব করে চিঠি দেয় দুদক। ঐ চিঠিতে খালিদীকে ১১ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছিল। পরে তিনি সময় দাবি করে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে তাকে পুনরায় ১২ নভেম্বর চিঠি দেয় দুদক। সেই চিঠির ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর দুদক খালিদীকে জিজ্ঞাসাবাদ করে।