বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মুক্তিযুদ্ধের চেতনা মানে তো গণতন্ত্র। দেশে গণতন্ত্র থাকলে রাজপথে অন্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ হবে এটা সাংবিধানিক অধিকার। আসলে সরকারের মন তো রাজাকার দ্বারা আচ্ছাদিত। সারাদিন রাজাকারদের বিরুদ্ধে কথা বলেন। তাহলে রাজাকারদের পেঁয়াজ আমদানি করলেন কেন? গতকাল বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদল। সংগঠনের সভাপতি এএসএম রাকিবুল ইসলাম আকাশের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন রিজভী। বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তানজীম রুবাইয়াত আফিফ, সাংগঠনিক সম্পাদক লিংকন ভুঁইয়া প্রমুখ।
