জঙ্গিদের মাথায় আইএসের প্রতীকসংবলিত টুপি এলো কীভাবে

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০১:৪৯

হলি আর্টিজানে হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি রাকিবুল হাসান রিগ্যান ও জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর আদালত প্রাঙ্গণে আইএসের পতাকার আদলে টুপি পরা নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। এমনকি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামিদের ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ বলে স্লোগান দেওয়া নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

আসামিরা আদালতে উপস্থিত আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলে, ‘আমাদের বিজয় খুব শিগগিরই।’ পুলিশি হেফাজতে থাকার পর তাদের কাছে এরকম টুপি কীভাবে এলো, তা নিয়ে পুলিশ সদর দপ্তর ও কারা অধিদপ্তর পৃথকভাবে তদন্ত শুরু করেছে।

এ ব্যাপারে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, “আদালত প্রাঙ্গণে একজন দণ্ডপ্রাপ্ত আসামি টুপি পরেছে। সেটাতে লেখা আছে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মদ (সা.) আলাহর রাসুল’। তবে এটি আইএসের টুপি নয়। আমার জানামতে, আইএস কোনো টুপি তৈরি করেছে, পৃথিবীর কোথাও এরকম দৃষ্টান্ত নেই। এটি একটি টুপি। সেটিতে ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ লেখা। সেটি আইএসের পতাকার নির্দেশক হবে কি না, তা বিশ্লে­ষণের ব্যাপার। তারপরও এটি কোথা থেকে, কীভাবে এলো, সেটি আমরা তদন্ত করে দেখব।”

আরো পড়ুন: ৪১ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আদালতে আনার সময় অন্য আসামিদের সঙ্গে রাকিবুল হাসান রিগ্যান ও জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর মাথায় টুপি ছিল না। রায় ঘোষণা শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে তারা মাথায় আইএসের পতাকার আদলে একটি টুপি পরে। এরপরই ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ বলে স্লোগান দেয়। উপস্থিত আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের বিষয়টি নজরে আসে। টুপি কোথা থেকে পেল—এমন প্রশ্নের জবাবে রিগ্যান বলে, ‘কারাগার থেকে নিয়ে এসেছি।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব হোসেন বলেন, বিষয়টি যখন নজরে আসে, তখন থেকেই কারাগারের ভিডিও ফুটেজ পরীক্ষা করেছি। ভিডিও ফুটেজে তাদের কারো কাছে কেউ টুপি দিয়েছে এমন দৃশ্য মেলেনি। এমনকি কারাগার থেকে বের করে পুলিশের হাতে দেওয়ার সময় তাদের বারবার শরীর তল্লাশি করা হয়েছে। সেখানে তাদের কাছে টুপি বা অতিরিক্ত কোনো জিনিস ছিল না।

ইত্তেফাক/বিএএফ