ড্রাইভিং লাইসেন্স প্রদানের সহজ প্রক্রিয়াটি দেশের প্রথম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে শুরু হলো। হয়রানি ও অতিরিক্ত টাকা খরচ ছাড়াই এ প্রক্রিয়ায় চালকরা পেলেন এক হাজার লাইসেন্স। সড়ক পরিবহন আইন ২০১৮ অবহিতকরণ ও শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদন বিতরণ এবং গ্রহণ কার্যক্রমের আওতায় এসব লাইসেন্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন ও লাইসেন্স বিতরণ করেন।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াসুর রহমান জানান, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ সেবা প্রদান করা হয়। উপজেলা চত্বরে বিআরটিএ, স্বাস্থ্য বিভাগ, ব্যাংকসহ সব বিভাগের সহযোগিতায় হেল্পডেস্ক, সত্যায়ন ডেস্ক, রক্তের গ্রুপ শনাক্তকরণ বুথ, মেডিকেল বুথ, ক্যাশ কাউন্টার ও শিক্ষানবিশ লাইসেন্স প্রদান বুথ স্থাপন করা হয়।
সকাল থেকেই লাইসেন্স পেতে কাশিয়ানী, মুকসুদপুর, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা, বোয়ালমারী ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার হাজারো শিক্ষানবিশ চালক এসে জড়ো হন কাশিয়ানী উপজেলা কমপ্লেক্স চত্বরে। সেখানে তারা বিভিন্ন ডেস্ক ও বুথ ঘুরে শিক্ষানবিশ লাইসেন্স গ্রহণ করেন।

লাইসেন্সের আবেদন গ্রহণ ও বিতরণে বিভিন্ন সেবাবুথ।
আরও পড়ুন: কুড়িয়ে পাওয়া ম্যাগজিনের সূত্র ধরে বের হলো লিটন হত্যার রহস্য
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, বিআরটিএতে লাইসেন্স করতে গিয়ে চালকরা অতিরিক্ত টাকা খরচ, হয়রানি ও জটিলতার শিকার হচ্ছেন এমন অভিযোগের পর আমরা উদ্যোগটি গ্রহণ করি। লাইসেন্স নিতে এসে তারা এ নতুন সড়ক আইন, সড়কের নিরাপত্তা ইত্যাদি অনেক কিছু সম্পর্কে জেনেছেন। এখানেই আমরা ৩ মাস পর চালকদের পরীক্ষা নিয়ে মূল লাইসেন্স দেবো। এ প্রক্রিয়া সফল হলে গোপালগঞ্জসহ দেশের সব জায়গায় এটি ছড়িয়ে দেওয়া হবে।
ইত্তেফাক/এসি
