এন্ড্রু কিশোরের জন্য কনসার্ট

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৯:৪৩

বিনোদন রিপোর্ট

 

বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। জানা গেছে, এন্ড্রু কিশোরকে যে কেমোথেরাপি দেওয়া হচ্ছে তার প্রতিটির মূল্য প্রায় ৯ লাখ টাকা। এরইমধ্যে গুণী এই শিল্পীর চিকিত্সায় তার পরিবার কোটি টাকারও বেশি খরচ করে ফেলেছেন। প্রয়োজন আরো অনেক টাকা। গান গেয়ে কোটি কোটি মানুষের হূদয় জুড়িয়েছেন যিনি, তার জন্য কনাসার্ট হচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী ২০ ডিসেম্বর এটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের কুইন্স প্যালেসে।

স্থানীয় শিল্পীদের পাশাপাশি এতে অংশ নেবেন দেশের জনপ্রিয় বেশ ক’জন শিল্পী। আর এ থেকে প্রাপ্ত অর্থ এন্ড্রু কিশোরের চিকিত্সার জন্য তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজক শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘এরইমধ্যে এন্ড্রু দার সঙ্গে কথা হয়েছে। তিনি ও জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন শিল্পী কনসার্টটি আয়োজনের জন্য বলেছিলেন। তাই আগামী ২০ ডিসেম্বর কনসার্টটি আয়োজিত হচ্ছে।’

কয়েক মাস আগে থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন ও দেশে চিকিত্সা নিচ্ছিলেন এন্ড্রু কিশোর। এরপর ডাক্তারদের পরামর্শে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে তার চিকিত্সা শুরু হয়। জানা যায়, এ পর্যন্ত তার ৩টি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। এছাড়া গত ২৬ নভেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হয়েছে। আরো ৩টি সাইকেলে ১২টি কেমোথেরাপি দেওয়া হবে। সেখানকার চিকিত্সকরা জানিয়েছেন, এ চিকিত্সা আরো প্রায় আড়াই থেকে ৩ মাস চলবে।